প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক অর্থনীতি প্রযুক্তি মতামত

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিলেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, করতালি দিয়ে স্বাগত জানালো অন্যেরা

প্রকাশ: মার্চ ১৬, ২০২৬, ১৬:৩৮
অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিলেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, করতালি দিয়ে স্বাগত জানালো অন্যেরা

অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার। এবার অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, 'যুদ্ধ নয়, মুক্ত হোক ফিলিস্তিন।' তার এই বক্তব্যের পরপরই অডিটোরিয়ামে উপস্থিত দর্শকদের কাছ থেকে জোরালো করতালি শোনা যায়।

অস্কারের মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা

এ মন্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রসঙ্গ আবারও সামনে আসে। সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটেই অস্কারের মঞ্চে বারদেমের মন্তব্য অনেকের নজর কাড়ে।

আগেও ফিলিস্তিন ইস্যুতে সরব ছিলেন বারদেম

এর আগেও ফিলিস্তিন ইস্যুতে খোলাখুলি অবস্থান নিয়েছেন এই স্প্যানিশ অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় যা ঘটছে, সেটিকে তিনি গণহত্যা হিসেবে দেখেন। আন্তর্জাতিক গণহত্যা গবেষক সংস্থা 'ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স'-এর বক্তব্যও তিনি উল্লেখ করেন।

বারদেমের মতে, পরিস্থিতি থামাতে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক চাপ বাড়ানো প্রয়োজন।

পুরস্কার মৌসুমে রাজনৈতিক প্রতিবাদ

চলতি পুরস্কার মৌসুমে রাজনৈতিক বক্তব্যও বেশ আলোচনায় রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকা যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। লালগালিচায় 'আইস আউট' লেখা ব্যাজ পরে উপস্থিত হন অনেক শিল্পী।

এই উদ্যোগে অংশ নেওয়া তারকাদের মধ্যে ছিলেন বিলি আইলিশ, মার্ক রাফালো, জাস্টিন বিবার, লেডি গাগা এবং স্যামুয়েল এল জ্যাকসন।